পরিচালক বাড়ানোর প্রস্তাব থেকে সরে এলো সিটি ব্যাংক
ফাইল ছবি
পরিচালক সংখ্যা বাড়ানোর প্রস্তাব থেকে সরে এলো শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক।
আইনগত, নিয়ন্ত্রক, সুশাসন, শেয়ারহোল্ডার ও চুক্তিগত বিভিন্ন বিষয় পর্যালোচনার পর ২৪ আগস্ট পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি
মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সিটি ব্যাংক স্বতন্ত্র পরিচালক ছাড়াও ব্যাংকের পরিচালকের সর্বোচ্চ সংখ্যা আটজন থেকে বাড়িয়ে ১০ জন করার প্রস্তাব আগামী ইজিএমে উপস্থাপন করবে না। তবে, এটি ভবিষ্যতে উপযুক্ত সময়ে পুনর্বিবেচনা করা হবে বলে জানায় সিটি ব্যাংক।
এদিকে, সিটি ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকা করার প্রস্তাবটি ইজিএমে উপস্থাপন করা হবে। প্রস্তাব অনুযায়ী, ১০ টাকা অভিহিত মূল্যের ৩০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে ব্যাংকের ৩ হাজার কোটি টাকার অনুমোদিত মূলধন।
এ জন্য ব্যাংকের মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাবও শেয়ারহোল্ডারদের বিবেচনার জন্য রাখা হয়েছে। তবে, এসব প্রস্তাব কার্যকর করতে প্রযোজ্য শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক ও আইনগত অনুমোদন প্রয়োজন হবে।
প্রস্তাবিত ইজিএমের রেকর্ড আগামী ৬ সেপ্টেম্বর ডেট নির্ধারণ করা হয়েছে। বিশেষ সাধারণ সভা আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।