কুমিল্লায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন
প্রতিকি ছবি
কুমিল্লার বুড়িচংয়ে মাদক ব্যবসার টাকা-পয়সা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মোকাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাকিয়ারচর পশ্চিমপাড়া গ্রামের নবী মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জাকির (২৮) ওই এলাকার আইয়ুব আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তার বড় ভাই শাকিল (৩২) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির ও শাকিলের মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক বিষয় ও মাদকসংক্রান্ত লেনদেন নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুর ১টার দিকে শাকিল বাড়িতে এলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।
এ সময় শাকিল জাকিরকে লাঠি ও ধারালো বস্তু দিয়ে মাথার পেছনসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই জাকিরের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। পরে পরিস্থিতি খারাপ বুঝতে পেরে শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি স্থানীয় চৌকিদার মোকলেসকে জানানো হয়। পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করেন।
পুলিশ জানায়, নিহত জাকির হত্যাসহ একাধিক মামলার আসামি। তিনি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার একাধিকবার বিরোধের ঘটনাও ঘটেছে। ঘটনার দিন মাদক ব্যবসার টাকা-পয়সা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দু ভাইয়ের বিরোধের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুরেজীত বড়ুয়া জানান, ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।