জন্মদিনে সুখবর দিলেন আশফাক নিপুণ, অবশেষে হচ্ছে ‘মহানগর ৩’
ফাইল ছবি
দেশে ওয়েব সিরিজের উত্থানে অন্যতম প্রভাব বিস্তার করেছিল ‘মহানগর’। আশফাক নিপুণের এই সিরিজ শুধু বাংলাদেশই নয়, আলোড়ন তুলেছিল ভারতেও। ২০২১ সালে প্রথম এবং এর দুই বছর পর আসে সিরিজটির দ্বিতীয় সিজন।
গল্প-চিত্রনাট্য আর তুখোড় অভিনয়শিল্পীদের মেলবন্ধনে জমে উঠেছিল ‘মহানগর’। দ্বিতীয় সিজনের শেষে বিশাল চমক দিয়ে পরবর্তী সিজনের আভাস দেওয়া হয়। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও সেই ‘মহানগর ৩’ আর শুরু হয়নি। এই দীর্ঘ সময়ে নির্মাতা নিপুণ ফেসবুকে যখনই কিছু পোস্ট করেছেন, দর্শক ‘মহানগর ৩’-এর কথা জিজ্ঞেস করেছে।
মাঝে একবার সিরিজটি শুরু হওয়ার খবর ওঠে। তবে পরে জানা যায়, বাজেট স্বল্পতায় হইচই বাংলাদেশ সিরিজটি করতে পারছে না।
তবে এবার অবশেষে হতে যাচ্ছে ‘মহানগর ৩’। আজ (২৬ আগস্ট) আশফাক নিপুণের জন্মদিন। আর নিজের জন্মদিনেই সুখবরটি দিলেন নির্মাতা। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। তাতে নিজেকে শুভেচ্ছা জানিয়েছেন নিপুণ। আর সবাইকে বলেছেন, তাকে শুভেচ্ছা জানাতে।
এরপর নিপুণ বলেন, ‘যাইহোক, এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। সময় হাতে বেশি নেই।’
কিন্তু কিসের স্ক্রিপ্ট? সেটার ইঙ্গিতও দিলেন স্পষ্টভাবে। নিপুণ নিজের কণ্ঠেই গেয়ে শোনালেন ‘মহানগর’-এর সেই জনপ্রিয় ইন্ট্রো মিউজিক। অতঃপর কারো আর বুঝতে বাকি নেই, ‘মহানগর ৩’ আসছে। যদিও কবে নাগাদ শুটিং হবে, মুক্তিও বা কবে পাবে, সেসব আপাতত গোপন রাখছেন নির্মাতা।
উল্লেখ্য, ‘মহানগর’-এ পুলিশ কর্মকর্তা ওসি হারুন চরিত্রে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন মোশাররফ করিম। বলা বাহুল্য, নতুন সিজনেও তাকেই এই চরিত্রে দেখা যাবে। আর তৃতীয় সিজনে বিশেষ চমক হিসেবে পশ্চিমবঙ্গের দাপুটে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের থাকার কথা রয়েছে।