চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় পথচারী ও শিশুর মৃত্যু
ফাইল ছবি
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পথচারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মাসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার নগরের পলিটেকনিক মোড়ে দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামের এক পথচারী নিহত হন। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার জয়নারায়ণপুর এলাকার নূরনবীর ছেলে।
তাঁর মায়ের নাম আনোয়ারা বেগম।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, পলিটেকনিক মোড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দেলোয়ার হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এর আগে বুধবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ছদাহা এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আফসান বিন সবুর (৫) নামের এক শিশু নিহত হয়।
এ ঘটনায় শিশুটির বাবা ও মা গুরুতর আহত হয়েছেন।
নিহত আফসান বিন সবুর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরি এলাকার জোশপাড়ার আব্দুস সবুর ও মর্জিনা আক্তার পপির ছেলে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় এক শিশু নিহত হয়েছে।
দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।