টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠা নিয়ে আত্মবিশ্বাসী গিল

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠা নিয়ে আত্মবিশ্বাসী গিল

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে ভারত। তবে কলম্বোয় দ্বিতীয় টেস্টে জয়ের খুব কাছে গিয়েও ড্র করতে হয়েছে শুভমান গিলের দলকে।

২-০ ব্যবধানে সিরিজ জিততে না পারার আক্ষেপ থাকলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা হারাচ্ছেন না ভারত অধিনায়ক। অধিনায়ক হিসেবে দুই বা তার বেশি ম্যাচের টেস্ট সিরিজে এটাই গিলের প্রথম জয়।

ভারতের পারফরম্যান্স নিয়ে কোনও আক্ষেপ নেই  উল্লেখ করে গিল বলেন, ‘আমরা প্রায় ২৫০ ওভার ফিল্ডিং করেছি। যা যা করার ছিল, সবই করেছি।

আমার মনে হয় না আমরা অন্য কিছু করতে পারতাম। শ্রীলঙ্কা যে ভাবে ফিরে এল, সেটা সত্যিই অসাধারণ। ওদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে।’

ভারতীয় ব্যাটারদের মধ্যে পাডিক্কাল এবং রাহুলের প্রশংসাও করেন গিল।

তিনি বলেন, ‘দেবদত্ত দুর্দান্ত খেলেছে। রাহুলও খুব ভালো ব্যাট করেছে। আমাদের বোলাররাও ভালো বল করেছে।’

কলম্বো টেস্টে ভারতীয় দলের তরুণ স্পিনার মানব সুতারও নজর কেড়েছেন। তাঁর ধারাবাহিকতা এবং বল ছাড়ার ধরন বিশেষ ভাবে পছন্দ হয়েছে গিলের।

ভারত অধিনায়ক বলেন, ‘সুতার খুব ধারাবাহিক। ও যে ভাবে বল ছাড়ে, সেটা আমার খুব ভালো লাগে। আগামী বছরগুলোতে ও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আমার মনে হয়।’

অন্য দিকে ফলো-অন করানোর সিদ্ধান্ত নিয়েও মুখ খুলেছেন গিল। তাঁর মতে, ম্যাচের ফল জানার পর সিদ্ধান্ত নিয়ে বিচার করা সহজ। কিন্তু মাঠে সেই মুহূর্তে সেরা সিদ্ধান্তটাই নিতে হয়। গিল বলেন, ‘এখন পিছন ফিরে তাকিয়ে ফলো-অন নিয়ে অনেক কিছু বলা যায়। কিন্তু তখন পরিস্থিতির মধ্যে থেকেই সিদ্ধান্ত নিতে হয়। সেই মুহূর্তে আমরা যেটাকে সবচেয়ে ভালো সিদ্ধান্ত মনে করেছি, সেটাই নিয়েছি। শুধু সেই সিদ্ধান্তটা আমাদের পক্ষে যায়নি।’

শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ় জয়ের সুযোগ হাতছাড়া হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা ছাড়ছেন না গিল। সামনে রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর দেশের মাটিতে গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে ভারত।

ভারতীয় অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, আমরা নিউজিল্যান্ডে যাচ্ছি। সেটা আমাদের জন্য খুব ভালো একটা সিরিজ হবে। তারপর দেশের মাটিতেও গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে। আমরা বিশ্বাস ধরে রাখব। আশা করি, শেষ পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারব। শ্রীলঙ্কাও দুর্দান্ত খেলেছে।’

কলম্বোয় জয় হাতছাড়া হলেও ম্যাচের শেষটা ইতিবাচক ভাবেই দেখতে চান গিল। তাঁর কথায়, ‘ম্যাচটা দুর্দান্ত হয়েছে। আমার মনে হয়, আজ শেষ পর্যন্ত জয় হয়েছে টেস্ট ক্রিকেটেরই।’