দিনাজপুরে ২ হাজার ৩৪০ বস্তা সার জব্দ, দুজনের কারাদণ্ড

দিনাজপুরে ২ হাজার ৩৪০ বস্তা সার জব্দ, দুজনের কারাদণ্ড

সংগৃহীত ছবি

দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে সার মজুদ ও অনিয়মের বিরুদ্ধে পৃথক অভিযানে ২ হাজার ৩৪০ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বিসিআইসি লাইসেন্সধারী নওশাদ ট্রেডার্স ও জনতা হাসকিং মিল থেকে ১ হাজার ৪৯৩ বস্তা টিএসপি, ১৮১ বস্তা ডিএপি ও ২১৬ বস্তা এমওপিসহ ১ হাজার ৮৯০ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে জনতা অটো রাইস মিলের ম্যানেজার কাজী ফয়সালকে তিন মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে মঙ্গলবার একই এলাকায় বিএডিসি নিবন্ধিত কৃষি বীজঘরের গোডাউনে অভিযান চালিয়ে ৪৫০ বস্তা এমওপি সার জব্দ করা হয়। এ ঘটনায় গোডাউনের ম্যানেজার মো. জনি ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, সার সংকট নিরসনে প্রশাসন কাজ করছে। কেউ সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি বা সরকারি মূল্যের বেশি দামে বিক্রির চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুদ বা কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।