খাগড়াছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সংগৃহীত ছবি
খাগড়াছড়িতে পঞ্চম, অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী মুহাম্মদ আতিকুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যক্ষ মাহফুজা বেগম। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ ও প্রেরণা দেওয়ার জন্য এই আয়োজন করা হয়েছে। কঠোর পরিশ্রম এবং নিয়মিত পড়াশোনা করে নৈতিক শিক্ষার মাধ্যমে জাতির কল্যাণে শিক্ষার্থীদের নিজেদের প্রস্তুত করে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে পঞ্চম, অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।