নাসিরনগরে ডোবা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নাসিরনগরে ডোবা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের আনুমানিক বয়স ১৮ বছর। মরদেহটি দীর্ঘ সময় পানিতে থাকায় পচে যাওয়ায় এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম চটিপারা এলাকার একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটকে জানানো হলে তাদের একটি দল ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের চেষ্টা করে। তবে মরদেহের হাতের আঙুলের চামড়া খসে পড়ায় ফিঙ্গারপ্রিন্ট নেওয়া সম্ভব হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া পিবিআইয়ের পরিদর্শক বেলাল উদ্দিন বলেন, আঙুলের চামড়া নষ্ট হয়ে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা সম্ভব হয়নি। ফলে এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।