থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে গ্রেপ্তার

থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে গ্রেপ্তার

সংগৃহীত ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে পালিয়ে যাওয়া নারী আসামি মিতু আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক নিশ্চিত করে বলেন, কেরানীগঞ্জ থেকে মিতুকে গ্রেপ্তার করা হয়েছে।

 

জানা গেছে, মিতু আক্তার যাত্রাবাড়ী থানায় হওয়া একটি হত্যা মামলার আসামি। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়।

 

থানা সূত্রে জানা যায়, মিতু বৃহস্পতিবার সকালে কৌশলে গেটের তালা খুলে পালিয়ে যান। নারী আসামিদের হ্যান্ডকাফ পরানো হয় না। এ সুযোগ কাজে লাগিয়ে পালিয়ে যান তিনি।

 

ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

 

এ ঘটনায় থানায় দায়িত্বরত চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।