নাইজারে প্রেসিডেন্ট প্যালেস ও ঘাঁটিতে গোলাগুলি-বিস্ফোরণ

নাইজারে প্রেসিডেন্ট প্যালেস ও ঘাঁটিতে গোলাগুলি-বিস্ফোরণ

ফাইল ছবি।

নাইজারের রাজধানী নিয়ামেতে গভীর রাতে প্রেসিডেন্ট প্যালেস ও একটি সামরিক ঘাঁটিতে তীব্র গোলাগুলি আর বিস্ফোরণের ঘটনা ঘটেছে।শনিবার ভোরের দিকে নিয়ামের বিভিন্ন এলাকায় ভারী অস্ত্রের গর্জন শোনা যায়। স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি ভবন এবং বেস ১০১ সামরিক বিমান ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।  

আকস্মিক এই সহিংসতার পর রাজধানীজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, সশস্ত্র বাহিনীর ভেতরেরই কিছু বিদ্রোহী চক্র প্রেসিডেনসিয়াল প্যালেসে প্রবেশের চেষ্টা করলে রাষ্ট্রপতি গার্ড বাহিনী তাদের প্রতিহত করতে লড়াইয়ে নামে। এই ঘটনার পর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচার সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং টিভির পর্দায় কেবল কালো স্ক্রিন ভেসে থাকতে দেখা গেছে।

​পরিস্থিতি সামাল দিতে নাইজারের কনসালটেটিভ কাউন্সিলের সদস্য বানা ওয়াগানা ইব্রাহিম এক বিবৃতিতে দেশবাসীকে শান্ত থাকার এবং কোনো ধরনের যাচাইহীন তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী মাতৃভূমির সুরক্ষায় সর্বাত্মকভাবে মাঠে রয়েছে।

এর আগে বেস ১০১ সামরিক বিমান ঘাঁটিতে হওয়া আরেকটি হামলাকে তিনি কাপুরুষোচিত আক্রমণ হিসেবে উল্লেখ করে জানান যে, বর্তমানে পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা এই চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে।

​উল্লেখ্য, গত তিন বছর ধরে একটি সামরিক জান্তা সরকার নাইজার পরিচালনা করে আসছে। তবে এই দীর্ঘ সময়ে তারা দেশটির তীব্র জিহাদি সহিংসতা দমনে নানা সংকটের মুখোমুখি হয়েছে।

চলতি বছরেই নিয়ামে বিমানবন্দর লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে গত জানুয়ারি মাসে সাহেলের ইসলামিক স্টেট এবং জুনে ইসলাম ও মুসলিম সমর্থনকারী দল বা জিএসআইএমের আক্রমণ উল্লেখযোগ্য।