কসবায় নায়েব আলী হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তঘেঁষা ধজনগর গ্রামের মো. নায়েব আলীর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কসবা সুপার মার্কেটের সামনে এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী শ্রেণির মানুষ ও ধজনগর গ্রামের বাসিন্দারা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদল সদস্য সোহেল আহমেদ মিলন, অবসরপ্রাপ্ত সেনাসদস্য শফিকুল ইসলাম ও মনির হোসেন, গোলাম মোস্তফা, পল্লী চিকিৎসক মো. কাজল মিয়া ও নিহতের ছেলে মো. শাহজালাল পলাশসহ আরও অনেকে।
বক্তারা বলেন, মো. নায়েব আলী একজন সহজ-সরল ও শান্তিপ্রিয় মানুষ ছিলেন। তার এমন মৃত্যু পরিবার ও এলাকাবাসীকে গভীরভাবে মর্মাহত করেছে। তারা অভিযোগ করেন, ঘটনার পর দীর্ঘসময় পেরিয়ে গেলেও প্রকৃত অপরাধীরা এখনো আইনের আওতায় আসেনি। ফলে নিহতের পরিবার চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
গত ২১ আগস্ট ইউনিয়নের ধজনগর এলাকায় নিখোঁজের দুইদিন পর একটি ডোবা থেকে ৬০ বছর বয়সি নায়েব আলীর মরদেহ উদ্ধার করা হয়।
কসবা থানা অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ জানান, ওই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে রিমান্ডে আনার জন্য আবেদন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অন্য জড়িতদের আইনের আওতায় নেওয়ার প্রচেষ্টা অব্যাহত আছে।