ফ্রান্সেও ফুটবল ক্লাব কেনার পথে বেকহ্যাম

ফ্রান্সেও ফুটবল ক্লাব কেনার পথে বেকহ্যাম

সংগৃহীত ছবি

ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্সের ফুটবলেও মালিকানা গড়ার পথে এগোচ্ছেন ডেভিড বেকহ্যাম। ফরাসি ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব এফসি নঁত কেনার বিষয়ে আলোচনা শুরু করেছেন সাবেক ইংলিশ তারকা।

ফরাসি সংবাদমাধ্যম ওয়েস্ট-ফ্রঁস-এর বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, বর্তমানে আর্থিক ও ক্রীড়া সংকটের মধ্য দিয়ে যাচ্ছে নঁত। ক্লাবটি অধিগ্রহণে আগ্রহী একটি বিনিয়োগ প্রকল্প বা কনসোর্টিয়ামের সঙ্গে বেকহ্যাম সম্পৃক্ত থাকতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০০৭ সালে নঁতের মালিকানা নেওয়া পোলিশ ব্যবসায়ী ওয়ালদেমার কিতা এখন ক্লাবটি বিক্রি করার বিষয়টি বিবেচনা করছেন বলে জানা গেছে। এরই মধ্যে তার কাছে অন্তত তিনটি প্রস্তাব এসেছে। এর মধ্যে দুটি প্রস্তাব ব্রিটিশ বিনিয়োগ তহবিলের সঙ্গে সম্পর্কিত। সম্ভাব্য মালিকানা পরিবর্তন নিয়ে চলমান উচ্চপর্যায়ের আলোচনায় বেকহ্যামের নামও একাধিকবার এসেছে।

নঁতের জন্য সময়টা অবশ্য ভালো যাচ্ছে না। ফরাসি লিগে আটবারের চ্যাম্পিয়ন দলটি গত মৌসুমে লিগ ওয়ান থেকে অবনমিত হয়ে লিগ-২-এ নেমেছে। নতুন মৌসুমেও শুরুটা হয়েছে হতাশাজনকভাবে। প্রথম তিন ম্যাচেই হেরে পয়েন্ট তালিকার একেবারে নিচে অবস্থান করছে তারা।

কিতার মালিকানায় ক্লাবের দীর্ঘমেয়াদি পরিস্থিতি নিয়েও সমর্থকদের মধ্যে অসন্তোষ রয়েছে। ১৯ বছর ধরে তার মালিকানায় থাকা সময়ে নঁত দুইবার দ্বিতীয় স্তরে অবনমিত হয়েছে। একই সময়ে ক্লাবটির প্রধান কোচের পদে পরিবর্তন এসেছে ২৪ বার। বর্তমানে কিতার ছেলে ফ্রাঙ্ক কিতা ক্লাবটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।

নঁত কেনার উদ্যোগ সফল হলে ফুটবল ক্লাবের মালিক হিসেবে বেকহ্যামের ক্যারিয়ারে যুক্ত হবে আরেকটি বড় অধ্যায়। ২০০৭ সালে এলএ গ্যালাক্সিতে যোগ দেওয়ার সময় পাওয়া বিশেষ সুবিধা কাজে লাগিয়ে ২০১৪ সালে এমএলএসে একটি নতুন ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠার উদ্যোগ নেন তিনি। সেই প্রকল্পের ফল হিসেবেই গড়ে ওঠে ইন্টার মিয়ামি, যারা ২০২০ সালে এমএলএসে যাত্রা শুরু করে।

এর পাশাপাশি ২০১৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিখ্যাত ‘ক্লাস অব ৯২’-এর সতীর্থদের সঙ্গে স্যালফোর্ড সিটির ১০ শতাংশ মালিকানা কেনেন বেকহ্যাম। পরে ২০২৫ সালে গ্যারি নেভিলকে সঙ্গে নিয়ে ক্লাবটির নতুন মালিকানা কনসোর্টিয়ামের নেতৃত্বেও তিনি ভূমিকা রাখেন।