পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে খুন, গ্রেফতার ২

পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে খুন, গ্রেফতার ২

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে বেড়াতে এসে বন্ধুদের হাতে মেহেদী হাসান দিগন্ত (১৮) নামে এক তরুণ খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) পূর্বাচলের ৩০০ ফিট সড়কের আলমপুর ভূঁইয়া ব্রিজসংলগ্ন লেকের পানির নিচে কাঠের গুঁড়ির সঙ্গে বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের দুই বন্ধু তুহিন (১৮) ও আব্দুল্লাহ আল মাহমুদকে (১৮) গ্রেফতার করা হয়েছে। নিহতের বড় ভাই ইসলাম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।

রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন জানান, পূর্বশত্রুতার জেরে মেহেদীকে বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে নির্জন স্থানে মারধর ও শ্বাসরোধে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে লাশ গুমের উদ্দেশে কাঠের গুঁড়ির সঙ্গে বেঁধে লেকের পানিতে ফেলে দেওয়া হয়।

তিনি আরও জানান, স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, এ ঘটনায় নিহত মেহেদীর দুই বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে। হত্যার প্রকৃত কারণ এবং লাশ গুমের উদ্দেশে পানিতে ফেলে দেওয়ার পেছনের কারণ শনাক্তের চেষ্টা চলছে।