স্পেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি যুবকের মৃত্যু
ছবিঃ সংগৃহীত।
স্পেনের রাজধানী মাদ্রিদে একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি তরুণ। রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় মাদ্রিদের আরগানসুয়েলা জেলার কায়ে কানারিয়াস এলাকার একটি ভবনের নিচতলার গ্যারেজে আগুন লাগে। গ্যারেজটিতে স্টোররুমের পাশাপাশি বিপুলসংখ্যক বৈদ্যুতিক বাইসাইকেল রাখা ছিল।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটির দেওয়া তথ্য অনুযায়ী, নিহত যুবকের নাম ইউসুফ হাসান আলিফ। তার বয়স প্রায় ২৫ বছর।
জরুরি সেবা সংস্থা এমেরহেনসিয়াস মাদ্রিদের তথ্য অনুযায়ী, রাত ৮টার কিছু আগে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাদ্রিদ সিটি কাউন্সিলের দমকল বাহিনীর ১৩টি ইউনিট। সেখানে পৌঁছে গ্যারেজের ভেতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে দেখেন দমকলকর্মীরা।
আগুনের তীব্রতা, প্রচণ্ড তাপ ও ঘন ধোঁয়ার কারণে গ্যারেজের ভেতরে প্রবেশ করে উদ্ধার অভিযান চালানো কঠিন হয়ে পড়ে। এর সঙ্গে গ্যারেজের জটিল কাঠামোও উদ্ধারকাজে বাধা তৈরি করে।
দীর্ঘ সময় চেষ্টা চালানোর পর দমকলকর্মীরা আগুনের কেন্দ্রস্থলের কাছ থেকে এক যুবককে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
সামুর-প্রোটেকসিওন সিভিলের চিকিৎসাকর্মীদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, অতিরিক্ত ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ এবং শ্বাসনালিতে গুরুতর দগ্ধ হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আসার পরও ঘটনাস্থলে কাজ চালিয়ে যান দমকলকর্মীরা। গ্যারেজের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস বের করে দেওয়া এবং জায়গাটি নিরাপদ করার কাজ চলে কয়েক ঘণ্টা ধরে। আগুন আবার ছড়িয়ে পড়ার আশঙ্কায় গ্যারেজে থাকা বৈদ্যুতিক বাইসাইকেলগুলোও সরিয়ে নেওয়া হয়।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যদের ভাষ্য অনুযায়ী, ইউসুফ হাসান আলিফ মাদ্রিদে উবার চালক হিসেবে কাজ করতেন। তবে স্পেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে তার পরিচয় নিশ্চিত করেনি।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে স্পেনের ন্যাশনাল পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তে মাদ্রিদ মিউনিসিপাল পুলিশও সহযোগিতা করছে।
বাংলাদেশি তরুণের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।