চট্টগ্রামে ১১৮ বোতল মদসহ গ্রেফতার ১
প্রতিকি ছবি
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার মোমিন রোড এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১১৮ বোতল বিদেশি মদসহ মো. আরিফুল ইসলাম ভূঁইয়া (২১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (৩০ আগস্ট) রাতে মোমিন রোডের কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনে এক অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আরিফুল খাগড়াছড়ি জেলার রামগড় থানার সদু কার্বারী পাড়ার বাসিন্দা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন জানান, ফেনী শহর থেকে প্রাইভেটকারে করে মাদকের একটি চালান চট্টগ্রাম নগরীতে আসার খবর পেয়ে রবিবার রাতে মোমিন রোড এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি শুরু করে র্যাব। একপর্যায়ে একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামার সংকেত দিলে চালক গাড়ির গতি বাড়িয়ে চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া করে গাড়ি থামায়। তবে প্রাইভেট কারের চালক গাড়ি থামিয়ে পালিয়ে যায়।
তবে প্রাইভেটকারের ভেতর ও পেছনে থাকা আটটি বাদামি রঙের তেলের কার্টনের মধ্যে তল্লাশি করে ১১৮ বোতল বিদেশি মদ ও প্রাইভেট কারটি জব্দ করা হয়। এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।