রাজবাড়ীতে ব্যবসায়ীদের দুঃখ প্রকাশ

রাজবাড়ীতে ব্যবসায়ীদের দুঃখ প্রকাশ

সংগৃহীত ছবি

রাজবাড়ীতে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে প্রকাশ্যে মারধর ও হেনস্তার ঘটনায় এখনো মামলা হয়নি। তবে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। 

এদিকে সোমবার দুপুরে রাজবাড়ী কাপড় বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে সমাবেশ করেন। সমাবেশ থেকে শনিবারের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার খণ্ডিত ভিডিও ব্যবহার করে ‘মিথ্যা গুজব’ ছড়ানোর প্রতিবাদ জানানো হয়। 

সোমবার বেলা সাড়ে ৩টায় কাপড় বাজারের কাদেরিয়া মার্কেটের সামনে আয়োজিত সমাবেশে রাজবাড়ী ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক কাজী বেনজির আহমেদ বলেন, অভ্যন্তরীণ মিটিংয়ের কারণে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন। শনিবারের ঘটনার পর আইনগতভাবে কী করা যায়, তা নিয়েও তারা আলোচনা করেছেন।  

তিনি আরও বলেন, যে দুজন ওই নারীকে লাথি মেরেছে, তাদেরকে চিহ্নিত করা হয়েছে। প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।