মুন্সীগঞ্জে স্বর্ণের দোকান থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে স্বর্ণের দোকান থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বাজারে একটি স্বর্ণের দোকান থেকে সুমন দে (৪৫) নামে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টার দিকে হাসাইল বাজারের অমিত সরকার গোবিন্দের স্বর্ণের দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সুমন দে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকার মৃত নারায়ণ দের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই স্বর্ণের দোকানে কর্মচারী হিসেবে কাজ করছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ি থেকে প্রতিদিন দোকানে যাতায়াতে কষ্ট হওয়ায় সুমন নিয়মিত দোকানেই রাতে থাকতেন। সোমবার রাত ৯টার দিকে দোকানের মালিক অমিত সরকার তাকে দোকানে রেখে বাড়ি চলে যান। পরে রাত ১১টার দিকে সুমন তার স্ত্রী সরস্বতী দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন।

মঙ্গলবার সকালে নির্ধারিত সময়ে দোকান না খোলায় পাশের চালের দোকানদার মঞ্জু রায় সুমনের মোবাইল ফোনে কল করেন। তবে ফোনে সাড়া না পেয়ে তিনি আশপাশের ব্যবসায়ীদের নিয়ে দোকানের সামনে যান। এ সময় দোকানের শাটার একপাশ খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করলে সুমনকে মৃত অবস্থায় দেখতে পান তারা।

পরে স্থানীয় ব্যবসায়ীরা দোকানটি বন্ধ করে দোকানের মালিক অমিত সরকার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ানকে খবর দেন। চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে টঙ্গিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।