মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফাইল ছবি

মক্কা প্যাক্টে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এ জোটে যোগ দিতে এখনো কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ আসেনি বলেও জানান তিনি।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) নিজ মন্ত্রণালয়ে আইপিইউ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, ‘দেশের জন্য অমঙ্গল হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না সরকার।’

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে আবারও সংসদীয় গণতন্ত্র ফিরে এসেছে। আইপিইউ মহাসচিবের বাংলাদেশ সফর দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

এর আগে, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রের পুনর্যাত্রাকে স্বাগত জানায় আইপিইউ। সংসদীয় গণতন্ত্রের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও সংসদীয় কূটনীতি জোরদারের বিষয়েও আলোচনার কথাও জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও জানান, তরুণ সংসদের উপস্থিতিকেও ইতিবাচক হিসেবে দেখছে সংস্থাটি। এছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সংসদীয় ফোরামগুলোর সমর্থন আদায়ের বিষয়েও আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।