বাসাইলে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১ যুবকের কারাদণ্ড
ফাইল ছবি
বাসাইল থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক যুবককে কারাদণ্ড এবং অপর অভিযানে তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বাসাইল থানাধীন ফুলকি ইউনিয়নের ময়থা গাছপাড়া বাজারের পেছনে ফাঁকা জায়গায় গাঁজা সেবনকালে মো. সাখাওয়াত হোসেনকে (৩২) হাতেনাতে আটক করে পুলিশ। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে বাসাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দুই মাসের সশ্রম কারাদণ্ড ও অনাদায়ে একশ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অপর একটি আভিযানিক দল গত ২ সেপ্টেম্বর রাতে কাউলজানি ইউনিয়নের মান্দারজানি গ্রামে অভিযান চালায়। এ সময় ময়মনসিংহের পাগলা থানার অললী গ্রামের মোহাম্মদ ওয়াসিমকে (২৮) এক কেজি এবং গাজীপুরের শ্রীপুর থানার কেওয়া পশ্চিম খন্ড এলাকার মো. রুবেলকে (২৬) দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বাসাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, ‘মাদক নির্মূলে বাসাইল থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামিদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত সাখাওয়াতকে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে এবং অপর দুই মাদক ব্যবসায়ীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।’