চোর সন্দেহে ট্রাক্টর চালককে হত্যা, গ্রেফতার ১
সংগৃহীত ছবি
কুমিল্লার চান্দিনায় চোর সন্দেহে ট্রাক্টরচালক আরিফুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় দুজনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুলহাস আবেদীন জুয়েল (৪৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
চান্দিনা থানা পুলিশের সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল দেবিদ্বার উপজেলার কুরুইন গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। জুয়েল ওই গ্রামের মৃত শহিদুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চান্দিনার হাড়িখোলা এলাকার বাসিন্দা ট্রাক্টরচালক আরিফুল ইসলামকে মঙ্গলবার সিএনজি অটোরিকশা চুরির অভিযোগে পাশের দেবিদ্বার উপজেলার কুরুইন গ্রামের কয়েকজন ব্যক্তি ধরে নিয়ে যান। পরে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তার মৃত্যু হলে সংশ্লিষ্টরা মরদেহ চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের বোন লাইলি আক্তার বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় চান্দিনা থানায় হত্যা মামলা করেন। মামলায় দুজনের নাম উল্লেখ এবং ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ডের সঙ্গে বেশ কয়েকজন জড়িত। এজাহারভুক্ত আসামি জুয়েলকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে অন্য আসামিদেরও গ্রেফতার করতে সক্ষম হব।’