মহাকাশে ভারতের বড় জয়, জিএসএলভি-এফ১৭ রকেট উৎক্ষেপণ সফল
ছবিঃ সংগৃহীত।
মহাকাশ গবেষণায় আরেকটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ভারত।শুক্রবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) সফলভাবে জিএসএলভি রকেট উৎক্ষেপণ করেছে। এই উৎক্ষেপণের মাধ্যমে পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ ইওএস-০৫কে নির্ভুলভাবে নির্ধারিত কক্ষপথে স্থাপন করা হয়েছে।
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে জিএসএলভি রকেটটি উৎক্ষেপণ করা হয়।
উৎক্ষেপণের ১৮ মিনিট পর রকেটটি ইওএস-০৫ কে নির্ধারিত সাব-জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে সফলভাবে স্থাপন করে। এটি ছিল জিএসএলভির ১৯তম অভিযান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরো জানায়, ‘মিশন সফল! জিএসএলভি-এফ১৭ তার দায়িত্ব সফলভাবে সম্পন্ন করে ইওএস-০৫ কে নির্ধারিত কক্ষপথে স্থাপন করেছে। ’ উৎক্ষেপণের কয়েকটি ছবিও প্রকাশ করেছে সংস্থাটি।
এই অভিযানের সবচেয়ে বড় গুরুত্ব হলো, ইওএস-০৫ ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট, যা পৃথিবী থেকে প্রায় ৩৬ হাজার কিলোমিটার উচ্চতায় জিওসিঙ্ক্রোনাস কক্ষপথ থেকে পৃথিবী পর্যবেক্ষণ করবে। ইসরোর চেয়ারম্যান ড. ভি. নারায়ণন বলেন, জিএসএলভি-এফ১৭ অত্যন্ত নির্ভুলতার সঙ্গে উন্নত প্রযুক্তির পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ ইওএস-০৫কে নির্ধারিত ও প্রয়োজনীয় কক্ষপথে স্থাপন করতে সক্ষম হয়েছে।
তিনি জানান, শ্রীহরিকোটা থেকে এটি ছিল ভারতের ১০৭তম উৎক্ষেপণ এবং জিএসএলভির ১৯তম মিশন।
ইসরো চেয়ারম্যান বলেন, জিএসএলভির প্রথম উৎক্ষেপণ জিএসএলভি-ডি১-এ ১ হাজার ৫৩৬ কেজি ওজনের পেলোড বহন করা হয়েছিল।
এরপর কাঠামোগত ওজন কমানো, প্রপালশন ব্যবস্থা উন্নত করা এবং বিভিন্ন প্রযুক্তিগত পরিবর্তনের মাধ্যমে রকেটটির সক্ষমতা ধীরে ধীরে বাড়ানো হয়েছে। এবার এই উৎক্ষেপণযান দিয়ে ২ হাজার ৩৬৭ কেজি ওজনের সবচেয়ে ভারি উপগ্রহ কক্ষপথে পাঠানো হয়েছে।
ইওএস-০৫-কে বলা হচ্ছে ‘আই ইন দ্য স্কাই’ বা আকাশের চোখ।
উপগ্রহটি রিয়েল-টাইম বা প্রায় তাৎক্ষণিক পৃথিবীর ছবি সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে কৃষি, পরিবেশ পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন জাতীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
ইসরোর চেয়ারম্যান জানান, উপগ্রহ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এর সব ভালভ সঠিকভাবে কাজ করছে, সৌর প্যানেলও সফলভাবে উন্মোচিত হয়েছে এবং উপগ্রহটির সামগ্রিক কার্যক্ষমতা স্বাভাবিক রয়েছে।
আগামী কয়েক দিনে ইওএস-০৫-এর কক্ষপথ আরো উন্নীত করে এটিকে প্রয়োজনীয় জিওসিঙ্ক্রোনাস কক্ষপথে নিয়ে যাওয়া হবে। এরপর জাতীয় বিভিন্ন কাজে ব্যবহারের জন্য উপগ্রহটিকে নির্ধারিত জিও প্ল্যাটফর্মে স্থাপন করা হবে।
২০২৬ সালের ১২ জানুয়ারি ইওএস-এন১ পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ বহনকারী পিএসএলভি-সি৬২ মিশন ব্যর্থ হওয়ার পর এটিই ইসরোর প্রথম সফল উৎক্ষেপণ।
এর আগে ২০২৫ সালের ১৮ মে পিএসএলভি-সি৬১ মিশনের ব্যর্থতার পর মহাকাশ সংস্থাটি পরপর দুটি উৎক্ষেপণে ব্যর্থতার মুখে পড়েছিল। ইওএস-০৫ উপগ্রহটি এর আগে ব্যর্থ হওয়া ইওএস-০৩ মিশনের স্থলাভিষিক্ত হবে।
সফল উৎক্ষেপণের পর ইসরোকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পরমাণু শক্তি দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘মহাকাশে ভারতের আরো একটি বিশাল অগ্রগতি!জিএসএলভি-এফ১৭/ইওএস-০৫-এর সফল উৎক্ষেপণের জন্য ইসরোর পুরো দলকে অভিনন্দন। ’
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে ভারতের মহাকাশ সক্ষমতা ক্রমাগত নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। এর মাধ্যমে বিশ্বে মহাকাশের শক্তি হিসেবে ভারতের অবস্থান আরো শক্তিশালী হচ্ছে।