কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন

সংগৃহীত ছবি

পর্যটনকেন্দ্র কুয়াকাটার সৈকতে জোয়ারের সময় আরও একটি মৃত ডলফিন ভেসে এসেছে। প্রায় ৬ ফুট লম্বা ডলফিনটি বোতলনোজ প্রজাতির। শনিবার সকালে চর গঙ্গামতির সৈকতে স্থানীয়রা এর মরদেহ দেখতে পান।

খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের স্বেচ্ছাসেবক, ডলফিন রক্ষা কমিটি, বন বিভাগ ও বিবিসিএফের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ডলফিনটির মরদেহ উদ্ধার করেন। তাদের তথ্যমতে, ডলফিনটির শরীরের অধিকাংশ চামড়া উঠে গেছে এবং বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। এছাড়া লেজে দড়ি বাঁধা অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা মনিরুজ্জামান জানান, পরিবেশ দূষণ রোধে ডলফিনটির মরদেহ মাটিচাপা দেওয়া হবে। তিনি বলেন, মৃত ডলফিন বা কচ্ছপের খবর পাওয়া গেলে বন বিভাগ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্বেচ্ছাসেবকদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে ডলফিনটির মরদেহ উদ্ধার করা হয়। জীবিত কিংবা মৃত ডলফিন, কচ্ছপ, রাজকাঁকড়া বা অন্যান্য সামুদ্রিক প্রাণী উদ্ধারের সময় প্রায়ই তাদের মুখ বা লেজে জালের টুকরো কিংবা দড়ি বাঁধা অবস্থায় পাওয়া যায়। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সহসাংগঠনিক সম্পাদক কে এম বাচ্চু জানান, উদ্ধার হওয়া ডলফিনটি একটি পুরুষ বোতলনোজ ডলফিন। তিনি বলেন, বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরের উপকূলীয় কুয়াকাটা এলাকায় মাঝেমধ্যে বিভিন্ন প্রজাতির মৃত সামুদ্রিক প্রাণী ভেসে আসে।

গত কয়েক বছরে শুশুক, ইরাবতী ডলফিন, বোতলনোজ ডলফিন, স্পিনার ডলফিন, তিমি ও কচ্ছপসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীর মরদেহ পাওয়া গেছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, উপকূলীয় এলাকায় একের পর এক সামুদ্রিক প্রাণীর মৃত্যু আমাদের জন্য বড় সতর্কবার্তা। ডলফিন ও কচ্ছপ সামুদ্রিক বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। এদের সংখ্যা কমে গেলে পুরো খাদ্যচক্রের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই দ্রুত সমন্বিত গবেষণা, নজরদারি ও সচেতনতা কার্যক্রম জোরদার করা জরুরি।