শিক্ষক-শিক্ষার্থীদের মূল্যায়ন হবে স্কিল ও মেধার ওপর: এমপি মাজেদ

শিক্ষক-শিক্ষার্থীদের মূল্যায়ন হবে স্কিল ও মেধার ওপর: এমপি মাজেদ

সংগৃহীত ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় রাজনীতি ও নিয়োগ বাণিজ্য কোনোভাবেই সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ময়মনসিংহ-৩ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এসময় তিনি বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের মূল্যায়ন হবে সম্পূর্ণ তাদের প্রফেশনাল স্কিল ও মেধার ওপর।

শনিবার দুপুরে ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ  ও সংবর্ধনা অনুষ্ঠান এসব কথা বলেন মাজেদ বাবু। 

প্রধান অতিথির বক্তব্যে লুৎফুল্লাহেল মাজেদ বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান সিস্টেমেটিক্যালি ধ্বংস হয়ে গেছে। আমি যতদিন স্কুলের সভাপতি থাকব, সেখানে কোনো দলীয় রাজনীতির চর্চা দেখতে চাই না। শিক্ষক ও শিক্ষার্থীদের মূল্যায়ন হবে সম্পূর্ণ তাদের প্রফেশনাল স্কিল ও মেধার ওপর।’

নিয়োগ বাণিজ্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘ঈশ্বরগঞ্জে বিগত বছরগুলোতে প্রধান শিক্ষকদের মূল লক্ষ্য ছিল দপ্তরি ও আয়া নিয়োগ দিয়ে বাণিজ্য করা, যা শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। কোনো শিক্ষক বা কর্মকর্তা যদি নিয়োগ বাণিজ্যে জড়িত থাকেন, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

এ সময় দলীয় নেতাদের প্রভাব মুক্ত রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অরাজনৈতিক ব্যক্তিদের সভাপতি করার ক্ষেত্রে নিজের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

শিক্ষার মান ও শিক্ষকদের দায়িত্বশীলতা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। মতিঝিল আইডিয়াল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক শিক্ষাবিদ ফয়জুর রহমানের উদাহরণ টেনে তিনি বলেন, একজন আদর্শ শিক্ষকই একটি সমাজকে বদলে দিতে পারেন। 

এমপি মাজেদ বাবু শিক্ষকদের শ্রেণি পাঠদানে শতভাগ মনোযোগী হওয়ার নির্দেশ দেন এবং শিক্ষার্থীদের জন্য নিয়মিত অভিভাবক সমাবেশের আয়োজনের তাগিদ দেন।

পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শেখা ও সহ-শিক্ষা কার্যক্রমে জোর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাসপাতাল-এই চার স্থানে তিনি কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করবেন না। নতুনের মতো আগামী প্রজন্মকে সুন্দরভাবে গড়াই তার মূল লক্ষ্য।