বগুড়ায় ৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫০ শিক্ষার্থী নিয়ে পরিবেশ অলিম্পিয়াড
সংগৃহীত ছবি
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে বগুড়ায় আয়োজন করা হয়েছে ‘জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াড-২০২৬’। এতে জেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫০ শিক্ষার্থী অংশ নেয়।
শনিবার বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিবেশ ক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবিষয়ক জ্ঞান, সচেতনতা, বিশ্লেষণী দক্ষতা ও দায়িত্বশীল আচরণ গড়ে তোলার পাশাপাশি পরিবেশ রক্ষায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আকন্দ। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, পরিবেশ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মাহাথির বিন মোহাম্মদ এবং ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের ডেপুটি ডিরেক্টর রউফা খানম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া জিলা স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অস্কন রায় ও ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জারিন সুবাহ রাহি।
এ সময় বক্তব্য দেন বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিবেশ ক্লাবের প্রেসিডেন্ট মুশরাত মাহজাবীন মাহা, ভাইস প্রেসিডেন্ট রূপান্তি বড়ুয়া এবং হেড অব স্টাডি অ্যান্ড অ্যানালাইসিস ডিপার্টমেন্ট তাসনুভা তাসকিন মুনতা।
তাসনুভা তাসকিন মুনতা বলেন, ‘পরিবেশ আমাদের জীবনের কোনো একটি অধ্যায় নয়, পরিবেশটাই আমাদের পুরো বই।’ শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন, দূষণ, বন উজাড় ও প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে পাঠ্যবইয়ে অনেক কিছু জানলেও সেই জ্ঞান বাস্তব জীবনে কতটা প্রয়োগ করছে, সেটিই পরিবেশ শিক্ষার বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, শুধু পরিবেশবিষয়ক তথ্য মুখস্থ করলেই হবে না। সমস্যার কারণ জানতে হবে, এর প্রভাব বুঝতে হবে এবং কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে। কোনো সমস্যা গভীরভাবে না বুঝলে তার টেকসই সমাধান সম্ভব নয়।
পরিবেশগত সমস্যা কোনো একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যা মোকাবিলায় প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।
ছোট ছোট উদ্যোগের গুরুত্ব তুলে ধরে তাসনুভা বলেন, একজন মানুষ একটি প্লাস্টিকের বোতল মাটিতে না ফেললে হয়তো পৃথিবী বদলে যাবে না। তবে তিনি যদি আরেকজনকে সচেতন করেন এবং সেই ধারাবাহিকতায় আরও মানুষ যুক্ত হন, তাহলে আচরণে পরিবর্তন আসবে। আর আচরণের পরিবর্তন থেকেই গড়ে উঠবে নতুন সংস্কৃতি ও সচেতন সমাজ।
অলিম্পিয়াডে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়া জিলা স্কুল, বিয়াম মডেল স্কুল, বিএম ল্যাবরেটরি স্কুল, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল, পুলিশ লাইন্স স্কুল ও ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা অংশ নেন।
অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিবেশ ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিসহ অতিথিদের গাছের চারা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
এর আগে গত ২৯ আগস্ট বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিবেশবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।