মার্কিন সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূলের দাবি আইআরজিসির

মার্কিন সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূলের দাবি আইআরজিসির

সংগৃহীত ছবি

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে যৌথ অভিযানে একটি সন্ত্রাসী দলকে পুরোপুরি ধ্বংস করার দাবি করেছে বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এতে দলটির অন্তত দুই সদস্য নিহত হয়েছেন।

শনিবার আইআরজিসি গ্রাউন্ড ফোর্সেসের কুদস বেস এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা মন্ত্রণালয়, সিস্তান ও বালুচিস্তান প্রদেশের আইআরজিসি গোয়েন্দা সংস্থা এবং প্রাদেশিক আইন প্রয়োগকারী কমান্ডের (ফারাজা) সমন্বিত ও যৌথ প্রচেষ্টায় এই অভিযান চালানো হয়। সন্ত্রাসী দলটি প্রদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে নাশকতামূলক হামলার পরিকল্পনা করছিল।

বিবৃতিতে আরও জানানো হয়, এই সন্ত্রাসী গোষ্ঠীটি জায়নবাদী শাসকগোষ্ঠী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত ছিল এবং তাদের প্রত্যক্ষ মদদ ও সমন্বয়েই এই অঞ্চলে নাশকতা ঘটানোর উদ্দেশ্যে সক্রিয় হয়ে উঠেছিল। তবে নিরাপত্তা বাহিনীর সময়োপযুক্ত পদক্ষেপে তাদের সেই পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ করে দেওয়া হয়েছে।

সূত্র: তাসনিম