লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ দাদার মৃত্যু

লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ দাদার মৃত্যু

প্রতিকী ছবি

লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবে মারা গেছেন। স্থানীয়দের দাবি, পানিতে ডুবে যাওয়া দাদাকে বাঁচাতে গিয়ে দুই শিশুও মারা যায়।

রবিবার দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাকচর এলাকার ইব্রাহিম পাটোয়ারী বাড়ির একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন আবু সিদ্দিক পাটোয়ারী (৭০), তার নাতি পিয়াস (৮) ও নাতনি পপি আক্তার (৬)।

আবু সিদ্দিক শাকচর ইউনিয়নের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে। পিয়াস তার ছেলে আব্দুল আজিজের সন্তান এবং পপি তার মেয়ে সুমি আক্তারের মেয়ে।

স্থানীয়রা জানান, আবু সিদ্দিক দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে তিনি পানিতে ডুব দেওয়ার পর দীর্ঘক্ষণ আর ওপরে ওঠেননি।পরে তাকে খুঁজতে গিয়ে পিয়াস ও পপি পানিতে ডুবে যায়।ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা তিনজনকে উদ্ধার করেন। পরে তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।

স্থানীয়দের ধারণা, পানিতে ডুব দেওয়ার সময় আবু সিদ্দিক অসুস্থ হয়ে পড়তে পারেন।তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি।

শাকচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, ‘একই পরিবারের তিনজনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। ’

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি শুনে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।