জেমিনিতে গান তৈরির নতুন মডেল ‘লিরিয়া ৩.৫’

জেমিনিতে গান তৈরির নতুন মডেল ‘লিরিয়া ৩.৫’

ছবিঃ সংগৃহীত।

গান তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন মডেল ‘লিরিয়া ৩.৫’ উন্মোচন করেছে গুগল। এটি এখন গুগলের জেমিনি অ্যাপ ও জেমিনি এপিআইয়ের মাধ্যমে ব্যবহার করা যাচ্ছে।

গুগলের দাবি, এখন পর্যন্ত তৈরি গান তৈরির মডেলগুলোর মধ্যে লিরিয়া ৩.৫ সবচেয়ে উন্নত। নতুন সংস্করণে কণ্ঠ আরও প্রাণবন্ত করার পাশাপাশি গানের বাদ্যযন্ত্রের বিন্যাসেও বিস্তারিত উন্নতি আনা হয়েছে।

ব্যবহারকারীরা গানের ধরন লিখে বা নির্দিষ্ট কোনো ধরন বেছে নিয়ে গান তৈরি করতে পারবেন। চাইলে কণ্ঠসহ গান অথবা শুধু বাদ্যযন্ত্রের সুরও তৈরি করা যাবে।

গুগল গান তৈরির জন্য কয়েকটি প্রস্তুত নমুনাও যুক্ত করেছে। এসব নমুনা ব্যবহার করে গান তৈরি করা যাবে। জন্মদিনসহ বিভিন্ন বিশেষ উপলক্ষের জন্য ব্যক্তিগত গানও তৈরি করা সম্ভব হবে।

গুগল জানিয়েছে, ভিডিওর গান, প্রতিষ্ঠানের প্রচারমূলক গান এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য মুঠোফোনের রিংটোন তৈরিতেও লিরিয়া ৩.৫ ব্যবহার করা যাবে।

বিশ্বজুড়ে জেমিনির ওয়েব সংস্করণ ও মুঠোফোনের অ্যাপ্লিকেশনে মডেলটি পাওয়া যাচ্ছে। শিল্পী ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা নির্মাতাদের জন্য এটি ‘ফ্লো মিউজিক’-তেও যুক্ত করা হয়েছে।

এ ছাড়া সফটওয়্যার নির্মাতা ও প্রযুক্তিবিদেরা গুগল এআই স্টুডিওর মাধ্যমে লিরিয়া ৩.৫ ব্যবহার করতে পারবেন। গুগলের ভিডিও তৈরি ও সম্পাদনার সেবা গুগল ভিডসেও মডেলটি যুক্ত করা হয়েছে।