চট্টগ্রামে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত
ফাইল ছবি
চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাউজান উপজেলা এলাকায় ট্রাকচাপায় নুরুল ইসলাম (৫৫) নামে সাবেক এক ইউপি সদস্য মারা গেছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জলিলনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসলাম রাউজানের বিনাজুরী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। তিনি উত্তর লেলাংগাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, নুরুল ইসলাম একটি বিমা কোম্পানিতে কর্মরত ছিলেন। জলিলনগর এলাকায় তাঁর নিজের কার্যালয় ছিলো। রবিবার দুপুরে কার্যালয় থেকে বের হয়ে সড়কের অপর প্রান্তে যাওয়ার সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির ইটবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে অবস্থান নিয়ে সড়কে বেপরোয়া যান চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ করেন। এতে দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় একঘন্টা সড়কের উভয় পাশে যানজট তৈরী হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
রাউজান থানার ওসি সাইফুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর অভিযুক্ত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ চলমান আছে।