সার না পেয়ে ডিলারের গোডাউনে কৃষকদের ভাঙচুর
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে সময়মতো সার না পাওয়া ও বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কৃষকেরা এক ডিলারের গোডাউনে ভাঙচুর করেছেন। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরের আগে সার কিনতে কচাকাটা বাজারে গিয়ে কৃষকেরা এ ঘটনায় জড়ান। তাদের অভিযোগ, প্রয়োজনের সময় ডিলারের কাছ থেকে সার না পেয়ে দিনের পর দিন ঘুরতে হচ্ছে। এর পাশাপাশি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং সার দেওয়ার ক্ষেত্রে নানা টালবাহানার অভিযোগও করেন তারা।
এ নিয়ে ডিলারের সঙ্গে কৃষকদের কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ কৃষকেরা ডিলারের সার রাখার গোডাউনের বেড়া ভাঙচুর শুরু করেন। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের শান্ত করেন। পরে কৃষি বিভাগের লোকজন ও ডিলারের উপস্থিতিতে কৃষকদের মধ্যে স্লিপের মাধ্যমে সার বিতরণ করা হয়।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরুণ কুমার দাস বলেন, ঘটনার সময় কিছু উৎসুক মানুষও সেখানে জড়ো হয়ে হট্টগোল করেন। খবর পেয়ে তিনি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে কৃষি বিভাগের লোকজন ও ডিলার সেখানে আসেন এবং স্লিপের মাধ্যমে কৃষকদের সার বিতরণ নিশ্চিত করা হয়।
কৃষকেরা বলেন, চলতি কৃষি মৌসুমে সময়মতো ও ন্যায্যমূল্যে সার না পেলে চাষাবাদ ব্যাহত হওয়ার পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাবে। তাই সার সরবরাহ ও বিক্রির বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।