ভারতে কোভিড গ্রাফ নিম্নমুখী
ভারতে কোভিড গ্রাফ নিম্নমুখী
গত ২৪ ঘণ্টায় ভারতের সংক্রমণ কমল বেশ খানিকটা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪১ জন। মৃত্যু হয়েছে ২৭৬ জনের। আর একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৯ হাজার ৬২১ জন। তবে টিকাকরণের হার বেড়েছে অনেকটা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ৮৬ কোটিরও বেশি মানুষ ইতোমধ্যেই টিকা পেয়েছেন। তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে দ্রুত টিকাকরণের কাজে এই পরিসংখ্যান যথেষ্ট স্বস্তি মিলল বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
রোববার দেশের দৈনিক সংক্রমণ ছিল ২৮ হাজারের বেশি। সেই তুলনায় সোমবার সংক্রমণ আরো কমল। রোববার মৃত্যু হয়েছিল ২৬০ জনের। সোমবার তা সামান্য বাড়ল।
দেশের করোনা গ্রাফ অনুযায়ী, দেশের মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৬ লাখ ৭৮ হাজার ৭৮৬। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছিল ৩ কোটি ২৯ লাখ ৩১ হাজার ৯৭২। মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৭ হাজার ১৯৪ জনের। কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও।
এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ কেস ২ লাখ ৯৯ হাজার ৬২০। গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ লাখ ১৮ হাজার ৩৬২ জনের টিকাকরণ হয়েছে। আর তার জেরেই ৮৬ কোটি পেরল টিকাপ্রাপকের সংখ্যা।
সূত্র : সংবাদ প্রতিদিন