১২ বছর পর সেমিফাইনালে পাকিস্তান

১২ বছর পর সেমিফাইনালে পাকিস্তান

১২ বছর পর সেমিফাইনালে পাকিস্তান

আইসিসি টি-২০ বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। তাও ১২ বছর পর। সবশেষ ২০০৯ সালে সেমিফাইনাল ও ফাইনাল খেলেছিল তারা। এরপর আর শেষ চারে উঠতে পারেনি। গতকাল সুপার টুয়েলভের ম্যাচে নামিবিয়াকে ৪৫ রানে হারিয়েছেন বাবর আজমরা। টানা চার জয়ে ৮ পয়েন্ট সংগ্রহ করে শেষ চারে পৌঁছে গেছে পাকিস্তান।

মঙ্গলবার শারজাহতে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে উড়ন্ত শুরু এনে দেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তাদের ১১৩ রানের জুটি ভাঙেন ডেভিড ভিসা। ৭ চারে ৪৯ বলে ৭০ রান করা বাবরকে ফেরান তিনি।

এরপর ফাখার জামানও ৫ রান করে সাজঘরে ফেরত যান। কিন্তু শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন রিজওয়ান। ৮ চার ও ৪ ছক্কায় ৫০ বলে ৭৯ রান করেন তিনি। ৫ চারে ১৬ বলে ৩২ রান করেন মোহাম্মদ হাফিজ। নির্ধারিত ২০ ওভারে কেবল ২ উইকেট হারিয়ে ১৮৯ রান করে পাকিস্তান।

জবাব দিতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় নামিবিয়া। ৮ রানেই তারা হারায় ওপেনার মাইকেল ভেন লিনজিনের উইকেট। এরপরের ব্যাটসম্যানদের ব্যাটে রান এলেও আস্কিং রান রেটের সঙ্গে পাল্লা দিতে পারেননি তারা। 

৩৭ বলে ৪০ রান করে ক্রেইগ উইলিয়ামস ও ২৭ বলে ৩৭ রান করে ভিসা চেষ্টা করেন। কিন্তু সেটাও এড়াতে পারেনি বড় হার। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রানের বেশি করতে পারেনি নামিবিয়া। হাসান আলি, ইমাদ ওয়াসিম, হারিস রউফ ও শাদাব খান পাকিস্তানের পক্ষে নেন একটি করে উইকেট।