ঢাবির 'ক' ইউনিটের ফল প্রকাশ, ফেল ৮৯.২৪ শতাংশ
ঢাবির 'ক' ইউনিটের ফল প্রকাশ, ফেল ৮৯.২৪ শতাংশ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
আজ প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ১০ দশমিক ৭৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। বাকি ৮৯ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।
এ বছর ‘ক’ ইউনিটে আবেদন করেছিলেন ১ লক্ষ ১৭ হাজার ৯৫৭ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছেন ৯৪ হাজার ৫০৫ জন। পাস করেছেন মাত্র ১০ হাজার ১৬৫ জন শিক্ষার্থী, যা মোট শিক্ষার্থীর ১০ দশমিক ৭৬ শতাংশ। এই ইউনিটে গতবার পাসের হার ছিল ১৩.০৫ শতাংশ।
পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের admisson.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে লগইন করে ফল জানতে পারবেন। এ ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর লাগবে।
এছাড়া আবেদনকারীরা যেকোনো মোবাইল অপারেটর থেকে DU KA টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে (send) ফিরতি এসএমএসে ফল জানতে পারবেন। ছাত্রছাত্রীদের ৯ নভেম্বর বিকেল তিনটা থেকে ২১ নভেম্বর বিকেল ৫টার মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।