মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪১

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪১

প্রতীকী ছবি

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, গ্রেপ্তার ১৪১ জনের কাছ থেকে ৭০৫.৬ গ্রাম ও ১ হাজার ১৬০ পুরিয়া হেরোইন, ১০ হাজার ৫৫৬ পিস ইয়াবা, ৩ কেজি ৫৪৫ গ্রাম ৩৬ পুরিয়া গাঁজা, ১২০ বোতল ফেনসিডিল, ৯টি ইনজেকশন ও ৮ লিটার দেশি মদ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০১টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।