আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ সেনাকর্মকর্তাদের বৈঠক

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ সেনাকর্মকর্তাদের বৈঠক

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ সেনাকর্মকর্তাদের বৈঠক

পাকিস্তান সফররত তুর্কি স্থলবাহিনীর প্রধান দেশটির সেনাবাহিনী প্রধানের সাথে বৈঠক করেছেন। সোমবার তারা এ বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। তাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা।

তুরস্কের স্থলবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ভেলি তারাকি ও পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মধ্যে এ আলোচনা হয়। রাওয়ালপিন্ডির উত্তর-পূর্ব গ্যারিসন শহরে সেনাবাহিনীর সদর দফতরে এ বৈঠক হয়।

পাকিস্তান সেনাবাহিনী বিবৃতি অনুসারে, ‘এ দু’শীর্ষ সেনা কর্মকর্তা আঞ্চলিক নিরাপত্তা, আফগানিস্তান ইস্যু ও দু’দেশের স্বার্থকেন্দ্রিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ আলোচনার সময় প্রতিরক্ষা ও নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনা করা হয়।

এ আলোচনার সময় আফগানিস্তানে শান্তি ও বিভিন্ন জাতি-গোষ্ঠীর সমন্বয় সাধনের ওপর গুরুত্ব দেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান কামার জাভেদ বাজওয়া। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের মানবিক সঙ্কট প্রতিহত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সচেষ্ট হতে হবে।

এছাড়া দু’দেশের সেনাবাহিনী প্রধান তাদের বিভিন্ন যৌথ কর্মকাণ্ডকে এগিয়ে নেয়ার প্রতি আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে দু’দেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ, উগ্রবাদ প্রতিরোধে তারা একমত হয়েছেন।

এদিকে আফগান সঙ্কট সমাধানে পাকিস্তানের ভূমিকা, দেশটির সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় দেশটির প্রচেষ্টার প্রশংসা করেন তুরস্কের স্থলবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ভেলি তারাকি।

উল্লেখ্য, সম্প্রতিক সময়ে তুরস্ক ও পাকিস্তান তাদের মধ্যকার প্রতিরক্ষা ও সামরিক সম্পর্ক বাড়িয়েছে। এ বিষয়ে পাকিস্তান সেনাবাহিনী প্রধান কামার জাভেদ বাজওয়া বলেন, তুরস্কের সাথে আমাদের ভ্রাতৃসুলভ সম্পর্ককে আমরা খবই গুরুত্ব দেই। ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় বিষয়গুলোর মিল থাকায় এ সম্পর্ক আরো গভীর হয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর