এইচএসসিতে রাজশাহী বোর্ডে পাসের হার ৯৭.২৯
এইচএসসিতে রাজশাহী বোর্ডে পাসের হার ৯৭.২৯
এবার এইচএসসির ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৯৭.২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩২ হাজার ৮০০ জন।শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার রাজশাহীতে ১ লাখ ৫০ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। ছাত্রদের মধ্যে পাশের হার ৯৬. ৫১ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৯৮.৫১ শতাংশ।
ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৪০০ জন। ছাত্রদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১৪ হাজার ৪০০ জন। পাসের হার এবং জিপিএ দুই ভাবেই ছাত্রীরা ছাত্রদের পেছনে ফেলে এগিয়ে গেছেন।
তবে পাসের হারে অতীতের সব রেকর্ড ভেঙেছে রাজশাহী শিক্ষা বোর্ড। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সারা দেশের মধ্যে এ বোর্ডটি তৃতীয় হয়েছে। তবে পরীক্ষায় অংশ নিয়ে এত সংখ্যক শিক্ষার্থী পাসের হার অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে।রোববার দুপুর ১২টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে অনলাইনে এ ফল ঘোষণা করা হয়।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, এবার মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৫০ হাজার ৯১৮ জন। পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৪৭ হজার ৪৮৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭৭ হাজার ৭২৯ এবং ছাত্রীর সংখ্যা ৬৯ হাজার ৭৫৫। এ বোর্ডের অধীনে ২০০ কেন্দ্রে আট জেলার ৭৫৯টি কলেজ থেকে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।
তিনি বলেন, চলতি বছর অতীতের সব রেকর্ড ভেঙেছে রাজশাহী বোর্ড। এ বছর ছাত্র পাস করেছে ৯৬.৫১ শতাংশ আর ছাত্রী পাস করেছে ৯৮.৫১ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র পেয়েছে ১৪ হাজার ৪০০ জন আর ছাত্রী পেয়েছে ১৮ হাজার ৪০০ জন। এক বিষয়ে ফেল করেছে তিন হাজার ৫৯৮ জন। এক বিষয়ে অকৃতকার্যের হার ২.৪৪। শতভাগ পাস করেছে ১৬২টি কলেজের শিক্ষার্থীরা।
রাজশাহী শিক্ষা বোর্ডে ২০২০ সালে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল শতভাগ। গত বছর এক লাখ ৪৯ হাজার ৯৭৬ জন পরীক্ষার্থী ছিল। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছিল মোট ২৬ হাজার ৫৬৮ জন। এর আগে ২০১৯ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ছিল ৭৬.৩৮ শতাংশ। ২০১৮ সালে পাসের হার ছিল ৬৬.৫১ শতাংশ। জিপিএ ৫ পেয়িছিল চার হাজার ১৩৮ জন।