গাড়ি চাপায় এসআইয়ের মৃত্যু
ফাইল ছবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে দায়িত্বরত অবস্থায় অজ্ঞাত গাড়িচাপায় মো. জাহাঙ্গীর নামে হাইওয়ে পুলিশের এক এসআই (পরিদর্শক) নিহত হয়েছেন। এসআই জাহাঙ্গীর দাউদকান্দি হাইওয়ে থানায় সাত বছর ধরে কাজ করছিলেন।
গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নি
নিহত জাহাঙ্গীর আলম শেরপুর সদরের প্রতাপিয়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ জহুরুল হক বলেন, ‘টোলপ্লাজায় যানজট সামলানো এবং নিরাপত্তার দায়িত্বে ছিলেন এসআই জাহাঙ্গীর আলম। রাত ১টার দিকে আমরা খবর পাই, টোলপ্লাজার অদূরে দাউদকান্দি ফায়ার সার্ভিস কার্যালয়ের কাছাকাছি মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।’
তাৎক্ষণিকভাবে জাহাঙ্গীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জহুরুল হক বলেন, লাশের সুরতহাল দেখে ধারণা করছি, রাস্তা পারাপারের সময় কোনো গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। কোন গাড়ি তাকে চাপা দিয়েছে, তা বের করার চেষ্টা চলছে।
শনিবার ময়নাতদন্তের পর কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে এসআই জাহাঙ্গীরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।