কিয়েভে কোন রুশ সৈন্য নেই
ছবি: সংগৃহীত
ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র বলেছেন, তার শহরে কোনো রুশ সেনা নেই। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো বলেন ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী অন্তর্ঘাতীদের চিহ্নিত করে নির্মূল করছে।
কিয়েভে সোমবার সকাল পর্যন্ত কারফিউ চলছে। মেয়র বলেন, রুশ আক্রমণ শুরুর পর থেকে কিয়েভে এখন পর্যন্ত একটি শিশু সহ ৯ জন নিখোঁজ হয়েছে।
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ সৈন্যদের সাথে লড়াইয়ের পর ইউক্রেনের যোদ্ধারা শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। তবে এখনো লড়াই চলার খবর পাওয়া গেছে।
খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলেছেন শহর থেকে রুশ সৈন্যদের হটিয়ে দেওয়া হচ্ছে।
অন্যদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন প্রেসিডন্ট পুতিন তার সামরিক অভিযানে তার একটি লক্ষ্যও অর্জন করতে পারেননি। অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন রুশ সৈন্যরা কোনো শহরেরই নিয়ন্ত্রণ নিতে পারেনি,এবং রাজধানী কিয়েভ দখল করতে আসা রুশ সৈন্যদের ধংস করে দেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি