স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন সিইসি
ছবি: সংগৃহীত
সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ চার নির্বাচন কমিশনার।
মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০টার দিকে শ্রদ্ধা জানান তিনি। এ সময় চার নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান এবং সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর, আনিছুর রহমানও তার সঙ্গে ছিলেন।
সকাল ১০টায় স্মৃতিসৌধে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারগণ। এরপর ১০টা ৫ মিনিটে স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন। সব শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান নির্বাচন কমিশনার।
পরিদর্শন বইতে তিনি লেখেন, ৩০ লক্ষ শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমার ও আমার জন্য আজ এটি এক বিরল সম্মান।
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামী পাঁচ বছরের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে তাদের নিয়োগ দিয়েছেন। ২৬ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ২৭ ফেব্রুয়ারি শপথ নেন তারা।