বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু
সংগৃহীত
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পূর্বচরবাটা গ্রামের কালামসজিদ এলাকা থেকে চরজব্বার থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন-হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের চরফকিরা গ্রামের নেছার উদ্দিনের স্ত্রী কোহিনুর বেগম (৩৫) ও তার তিন বছরের ছেলে ইয়াছিন।
চরজব্বার ভুইয়ারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শাহ আলম গণমাধ্যমকে বলেন, ওই নারী বাগানের মধ্য দিয়ে যাওয়ার সময় শিশুটি পল্লীবিদ্যুতের ছেঁড়া তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।