২৬ মাস পর চালু হচ্ছে বন্ধন এক্সপ্রেস
ছবি: সংগৃহীত
করোনা ভাইরাসের কারণে দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর চলাচল শুরু করছে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’। বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী ট্রেনটি রোববার (২৯ মে) কলকাতা থেকে যাত্রা করে খুলনায় আসবে। করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ১৫ মার্চ থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনটির যাত্রা বন্ধ হয়ে যায়।
যশোরের বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাইদুজ্জামান বলেন, রোববার সকালে কলকাতা থেকে যাত্রা করে বন্ধন এক্সপ্রেস বেনাপোল হয়ে দুপুরে খুলনা পৌঁছাবে। দুপুরে খুলনা থেকে যাত্রা করে সন্ধ্যায় আবার কলকাতা ফিরে যাবে।
জানা গেছে, বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী আন্তঃদেশীয় ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’ ২০১৭ সালে চালু হয়। করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ১৫ মার্চ থেকে ট্রেনটির চলাচল বন্ধ হয়ে যায়। করোনা সংক্রমণ কমে যাওয়ায় দেশের ভেতরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলেও আন্তঃদেশীয় ট্রেনটি চলাচল বন্ধই ছিল। অবশেষে ২৬ মাস পর ট্রেনটি চালু হচ্ছে। রোববার ও বৃহস্পতিবার এই দুদিন ট্রেনটি যাতায়াত করে।