আবার বৃষ্টি, উদ্বিগ্ন বানভাসিরা

আবার বৃষ্টি, উদ্বিগ্ন বানভাসিরা

ছবি: সংগৃহীত

সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার যেসব স্থান থেকে বন্যার পানি নেমেছে সেসব এলাকায় এখন চলছে আশ্রয়হীন মানুষের বিলাপ। অনেকেই বড় সড়কের পাশে ত্রিপল বা পলিথিন টানিয়ে বসবাস করছেন। আতঙ্কে তাদের রাত কাটে নির্ঘুম। ঘর গেছে। গেছে আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্রও। এদিকে আবার শুরু হয়েছে বৃষ্টি। এতে বানভাসি মানুষের উদ্বেগ বাড়ছে। উদ্ভূত পরিস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই জেলার অন্তত অর্ধকোটি মানুষ চোখে এখন আঁধার দেখছেন। 

সোম-মঙ্গলবার কড়া রোদে বানভাসিরা একটু স্বস্তিতে ছিলেন। কিন্তু মঙ্গলবার রাত থেকে বৃষ্টি শুরু হয়। হালকা ও মাঝারি আকারের বৃষ্টিতে নদনদীর পানিও বাড়তে থাকে। গতকাল বুধবার আবহাওয়া বার্তায় বলা হয়, সিলেটে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে, রবিবার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে চলমান বন্যা পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা ভেবে বানভাসিরা অস্থির সময় কাটাচ্ছেন।