চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়েছে

চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়েছে

চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়েছে

চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ হার বেড়েছে। গত কয়েকদিনের তুলনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় এ হার বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। নতুন করে ৩৩ জন আক্রান্ত হলেও সংক্রমণ হার নির্ণিত হয় ২২ দশমিক ৭৫ শতাংশ। তবে শহর ও গ্রামে কোনো করোনা রোগির মৃত্যু হয়নি।জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্ট থেকে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর পাঁচ ল্যাবে গতকাল চট্টগ্রামের ১৪৫ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ৩৩ জন আক্রান্ত শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে শহরের ৩১ ও মিরসরাই উপজেলার ২ জন। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লক্ষ ২৭ হাজার ৭৬২ জন। সংক্রমিতদের মধ্যে ৯৩ হাজার ৮৮ জন শহরের ও ৩৪ হাজার ৬৭৪ জন গ্রামের। গতকাল করোনায় শহর ও গ্রামে করোনায় কেউ মৃত্যুবরণ করেনি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৫ জনই রয়েছে। এতে শহরের ৭৩৫ ও গ্রামের ৬৩০ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, গতকাল সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয়েছে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবরেটরিতে। এখানে ৬১ জনের নমুনা পরীক্ষা করা হলে শহরের ১৪ ও গ্রামের ২ জনের রিপোর্ট পজিটিভ হয়। ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ২৬ জনের নমুনা পরীক্ষায় শহরের ৪ জন জীবাণুবাহক পাওয়া যায়। 

বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ১০টি নমুনা পরীক্ষায় শহরের একটিতে জীবাণুর অস্তিত্ব মিলে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৮ জনের নমুনায় শহরের ৪ জন পজিটিভ হন। মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৭ জনের নমুনা পরীক্ষা করা হলে সবগুলোরই নেগেটিভ রেজাল্ট আসে। এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৩ টি নমুনা পরীক্ষা করলে শহরের ৮ টিতে জীবাণুর উপস্থিতি শনাক্ত হয়। 

ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, ইম্পেরিয়াল হাসপাতালে ২৬ দশমিক ২৩ শতাংশ, বিআইটিআইডি’তে ১৫ দশমিক ৩৮, শেভরনে ১০, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৫০, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ০ এবং এপিক হেলথ কেয়ারে ২৪ দশমিক ২৪ শতাংশ।

সূত্র : বাসস