গাইবান্ধা-৫ আসন শূন্য ঘোষণা

গাইবান্ধা-৫ আসন শূন্য ঘোষণা

ফাইল ছবি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপির সংসদীয় আসন গাইবান্ধা-৫ শূন্য ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার (২২ জুলাই) তিনি মৃত্যুবরণ করায় ওই দিন থেকেই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

রোববার (২৪ জুলাই) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

কোনো সংসদীয় আসন শূন্য ঘোষিত হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের কথা সংবিধানে উল্লেখ রয়েছে।

গাইবান্ধা-৫ আসনের সাত বারের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মারা যান। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসা নিচ্ছিলেন।

ফজলে রাব্বী মিয়া ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৮৮ সালে চতুর্থ, ১৯৯১ সালের পঞ্চম ও ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

পরে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হন।

২০০৮ সালে নবম, ২০১৪ সালে দশম ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসন থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

দশম ও একাদশ সংসদে ডেপুটি স্পিকারের চেয়ারে ছিলেন ফজলে রাব্বী মিয়া।