টেকনাফের ইউএনও খসরু প্রত্যাহার
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরুকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের অফিসে সংযুক্ত করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে সংবাদ পরিবেশনকে কেন্দ্র করে এক সাংবাদিককে ফোন করে গালিগালাজ করায় তার বিরুদ্ধে প্রাথমিকভাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সাংবাদিকের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে টেকনাফের ইউএনওকে অবিলম্বে ওএসডি করা হবে। তার বিষয়টি এখন উচ্চ আদালতে বিচারাধীন। আদালত তার বিষয়ে যে নির্দেশ দেন আমরা তা প্রতিপালন করব। প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল কর্মকর্তার ভাষা এমন হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে প্রশাসন সম্পর্কে জনমনে ভুল ধারণা তৈরি হতে পারে। এটা কোনোভাবেই কাম্য নয়।