গোতাবায়ার ভিসার মেয়াদ বাড়াল সিঙ্গাপুর

গোতাবায়ার ভিসার মেয়াদ বাড়াল সিঙ্গাপুর

গোতাবায়ার ভিসার মেয়াদ বাড়াল সিঙ্গাপুর

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভিসার মেয়াদ বাড়িয়েছে সিঙ্গাপুর। তাকে অতিরিক্ত ১৪ দিনের জন্য সেখানে থাকার অনুমতি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেশটির সংশ্লিষ্ট দুটি সূত্র এ তথ্য জানায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুই সপ্তাহ আগে ‘ব্যক্তিগত সফরে’ আসা রাজাপাকসেকে স্বল্পমেয়াদি ‘ভিজিট পাস’ দিয়েছিল সিঙ্গাপুর, যার মেয়াদ আরো ১৪ দিন বাড়ানো হয়েছে। এর ফলে ১১ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে থাকতে পারবেন রাজাপাকসে।

বিষয়টি নিশ্চিত হতে রয়টার্স সিঙ্গাপুরের ইমিগ্রেশন এবং চেকপয়েন্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা কোনো মন্তব্য করেনি।

এদিকে দেশ ছেড়ে সিঙ্গাপুরে পাড়ি জমানো শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দেশটির মন্ত্রিসভার মুখপাত্র বান্ডুলা গুনাবর্ধনা। রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যাননি বলেও দাবি করেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়া ও ডয়চে ভেলের।

নজিরবিহীন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় সরকারবিরোধী তীব্র আন্দোলনের জেরে গেল ১৩ জুলাই সপরিবারে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া রাজাপাকসে। তবে জনরোষের আশঙ্কায় সেখানেও আশ্রয় না মেলায়, পরদিন সিঙ্গাপুরে পাড়ি জমান শ্রীলঙ্কার সাবেক এ প্রেসিডেন্ট। এরপর থেকে সিঙ্গাপুরেই অবস্থান করছেন তিনি।

তবে শিগগিরই গোতাবায়া শ্রীলঙ্কায় ফিরে আসবেন বলে জানিয়েছেন, দেশটির মন্ত্রিসভার মুখপাত্র বান্ডুলা গুনাবর্ধনা। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক শেষে গোতাবায়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। গোতাবায়া দেশ ছেড়ে পালিয়ে যাননি দাবি করে বান্ডুলা বলেন, ‘তিনি কোনো রাজনৈতিক আশ্রয়ে নেই। ব্যক্তিগত ভিসায় সিঙ্গাপুরে অবস্থান করছেন।’

তবে গোতাবায়া কবে নাগাদ দেশে ফিরতে পারেন সে বিষয়ে কোনো তথ্য মন্ত্রিসভার কাছে নেই বলে জানান বান্ডুলা গুনাবর্ধনা। তিনি বলেন, ‘আমার জানা মতে, গোতাবায়া দেশে ফিরে আসতে পারেন। তবে কবে ফিরবেন সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে তিনি লুকিয়ে নেই কিংবা পালিয়েও যাননি।’

সূত্র : আরব নিউজ ও নেশন প্রেস