পাবিপ্রবিতে গুচ্ছের 'এ' ইউনিটে পরীক্ষা সম্পন্ন
পাবিপ্রবিতে গুচ্ছের 'এ' ইউনিটে পরীক্ষা সম্পন্ন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার এ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিতির হার ৯৫.৩২ শতাংশ ছিলো বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।
শনিবার (৩০ জুলাই) দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র সহ পাবনা শহরের ১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি।
দুপুর ১২টা থেকে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান পাবিপ্রবি কেন্দ্র সহ সবগুলো কেন্দ্র পরিদর্শন করেন। এসময় সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. সমীরণ কুমার সাহা।
কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বিফ্রিংকালে উপাচার্য ড. হাফিজা খাতুন বলেন, পরীক্ষার সার্বিক অবস্থা নিয়ে আমি সন্তুষ্ট। ভর্তি পরীক্ষার কমিটি,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীসহ পাবনা ডিসি অফিস, জেলা পুলিশ, ট্রাফিক পুলিশসহ সবার সর্বাত্মক সহযোগিতা আমরা পেয়েছি। এ জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
পরীক্ষার সার্বিক অবস্থা নিয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খানও সন্তুষ্টি প্রকাশ করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা প্রক্রিয়ার সাথে জড়িত সকলের আন্তরিক প্রচেষ্টা সর্বোপরি পাবনাবাসী নিজেদের প্রতিষ্ঠান মনে করে সকল ধরনের সহযোগিতা করেছেন। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
দুপুর ১২টায় পরীক্ষা শুরু হলেও সকাল ১০টা থেকে কেন্দ্রগুলোতে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জমায়েত হতে দেখা গেছে। এতে করে পাবনা শহর সহ প্রতিটি কেন্দ্রের সামনে সাময়িক যানজট তৈরী হয়।সরজমিন পরিদর্শন করে দেখা যায়,সকাল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না থাকলেও, সিএনজিচালিত অটো রিকশা এবং ব্যাটারিচালিত অটোরিকশা বেশি ভাড়া নিচ্ছে । এতে অসন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
তবে সার্বিক অবস্থা নিয়ে পরীক্ষার্থী এবং অভিভাবকদের সন্তুষ্টি প্রকাশ করতে দেখা গেছে। রাজশাহী থেকে আসা এক অভিভাবক বলেন জানান, এখানে এসে কোন ঝামেলা পোহাতে হয়নি, এর জন্য ভালো লাগছে। ভর্তি পরীক্ষার সময়টাতে অনেক ভোগান্তি পোহাতে হলেও এখানে সেই ভোগান্তি ছিলোনা।
আইনশৃঙ্খলা সহ সার্বিক অবস্থা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামাল হোসেন বলেন, সব কিছু তে পাবনা জেলার আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন, এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটগ্রুপ সহ বিভিন্ন সংগঠন আমাদেরকে সহযোগিতা করেছেন, এজন্য আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
উল্লেখ্য এবারের গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষার এ ইউনিটে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে ১১টি কেন্দ্রে ১০৭৮৩ জন শিক্ষার্থীর মধ্যে ১০২৭৮ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন, অনুপস্থিত ছিলেন ৫০৫ জন।