সৌদিতে আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু

সৌদিতে আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু

ফাইল ছবি

হজের পর সৌদি আরবে আরও এক বাংলাদেশি হাজি মারা গেছেন। সর্বশেষ শনিবার (৩০ জুলাই) মেহেরপুরের মো. আবু তালেব মোল্লা মদিনায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর। আবু তালেবের পাসপোর্ট নম্বর-EA0749782।

আজ রবিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে। সৌদি আরবে এ নিয়ে মোট ইন্তেকাল করেছেন ২৫ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজি। এর মধ্যে পুরুষ ১৮ ও নারী ৭ জন। তাদের মধ্যে মক্কায় ১৯, মদিনায় ৪ ও জেদ্দায় ২ জনের মৃত্যু হয়েছে। 

অন্যদিকে শনিবার পর্যন্ত হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৯ হাজার ৭০ জন হাজি।

হজের বুলেটিনে আরও জানানো হয়, গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়। এ পর্যন্ত মোট ১০৯টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৫৯টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৪৫টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে।