কুষ্টিয়ায় হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড
ছবি- নিউজজোন বিডি
কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার মিরপুরে বৃষ্টি খাতুন (২০) এর হত্যা মামলায় শাহাবুদ্দিন আহম্মেদ ওরফে মঞ্জু (৩৫), হেলাল উদ্দিন (২৬) ও আশরাফুল আলম (৩৩) নামে তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড এবং একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড আদেশ দিয়েছেন আদালত।
আজ দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১এর বিচারক তাজুল ইসলাম জনাকীর্ন আদালতে আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন। রায় প্রদান শেষে আসামীদের পুলিশি পাহারায় জেলা কারাগারে প্রেরণের আদেশ এবং ৯জনকে বেকুসুর খালাস দেন ।
সাজাপ্রাপ্তরা হলো- মিরপুর উপজেলার খয়েরপুর গ্রামের মৃত নজরুল ইসলাম ছেলে শাহাবুদ্দিন আহম্মেদ ওরফে মঞ্জু (৩৫), একই গ্রামের আবু মন্ডল ওরফে বগা মন্ডলের ছেলে হেলাল উদ্দিন (২৬) এবং মৃত হাসেম আলীর ছেলে আশরাফুল আলম (৩৩)। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এ্যাড. অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১লা জুলাই তারিখে সকালের দিকে নিহত বৃষ্টি খাতুন তার নিজ বাড়ী থেকে খালার বাড়ীতে যাওয়ার কথা বলে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর থেকে বৃষ্টি খাতুনকে খোজাখুজি করতে থাকে পরিবার ও স্বজনেরা। উপরোক্ত আসামীরা বৃষ্টি খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করে মিরপুর-দৌলতপুর সড়কে চিথরিয়া গ্রামস্থ পাকা রাস্তার উত্তর পার্শ্বে ফেলে রেখে চলে যান। নিখোঁজের তিনদিন পরে ঘটনাস্থল থেকে নিহত বৃষ্টি খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে মিরপুর থানায় নিহতের পিতা আমিন বিশ্বাস বাদী হয়ে ঐদিন বিকালে তিনজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে ২০১৩ সালের ২রা ফেব্রুয়ারীতে মামলা তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক আকতারুজ্জামান ১২জনের বিরুদ্ধে অভিযোগ এনে চার্জশীট দাখিল করেন আদালতে। স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত এ রায় ঘোষনা করেন।