খুলনায় ট্রাকের ধাক্কায় দায়িত্বরত এসআই নিহত
প্রতীকী ছবি
খুলনায় ট্রাকের ধাক্কায় আব্দুল হক (৫৫) নামে পুলিশের একজন উপ-পরিদর্শক নিহত হয়েছেন। তিনি খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ওই বাইপাসে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হক যশোরের এসআই বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া এলাকার আফতাব আলী সরদারের ছেলে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, রাতে বিকেএসপির সামনে টহলের দায়িত্ব পালন করার সময়ে একটি ট্রাক এসআই আব্দুল হককে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে মারা যান।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে খানজাহান আলী থানায় প্রথম নামাজে জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে। এছাড়া ট্রাকটিকে আটক করা হয়েছে।