প্রশ্নফাঁসে বিমানের ৫ কর্মকর্তা-কর্মচারী আটক

প্রশ্নফাঁসে বিমানের ৫ কর্মকর্তা-কর্মচারী আটক

প্রতীকী ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০টি পদের লিখিত পরীক্ষায় প্রশ্নফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে বিমানের জুনিয়র পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লালবাগ বিভাগের গোয়েন্দা টিম তাদের আটক করে।

গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার বিকেলে এ পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা আগে প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত করেছে বিমান কর্তৃপক্ষ।

শুক্রবার রাতে ডিবির পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে শনিবার (২২ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।